১২ জুন ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

জৈন্তাপুরে বাসের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত, আহত ৫

প্রতিনিধি, জৈন্তাপুর, সিলেট

প্রকাশঃ ২৯ আগস্ট, ২০২৫ ৮:২২ অপরাহ্ন


সিলেটের জৈন্তাপুরে বাসের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট (সরুফৌদ) নামক স্থানে এ ঘটনা ঘটে। 

 

নিহত মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জরগ্রামের তাজউদ্দিনের ছেলে তালহা (১৭)। আহতরা হলেন- সারীঘাট ডৌডিক গ্রামের শুক্কুর মিয়ার ছেলে শাকিল (২০), একই গ্রামের মাওলানা আব্দুল ওয়াহিদ এর ছেলে জুনেদ আহমদ (১৮), মনির আলীর ছেলে শাহরিয়ার (২০), আরফান আলীর ছেলে ইব্রাহীম আহমদ (২২) এবং উপজেলার গুজ্ছগ্রামের জিয়া উদ্দিনের ছেলে ফরহাদ আলী (১৫)।

 

ঘটনার পর সিলেট তামাবিল মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত দুইটি মোটরসাইকেল জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট (সরুফৌদ) নামকস্থানে জাফলং হতে ছেড়ে যাওয়া সিলেটগামী একটি বাসের সঙ্গে জৈন্তাপুরগামী দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এছাড়াও ৫জন গুরুতর আহত হন। ঘটনার পর পর ঘাতক বাস দ্রুত পালিয়ে যায়।

 

সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দূর্ঘটনায় আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

তামাবিল হইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশের টিম পৌছে নিহতের মরদেহ ও দূর্ঘটনায় কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক বাসচাককে আটকের তৎপরতা চলছে। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ