১২ জুন ২০২৬

দৈনন্দিন

খাসিয়ামারা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৫ ৮:৪২ অপরাহ্ন


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে ভাঙছে ফসলি জমি, সরকারি স্থাপনা ও বসতঘর। দীর্ঘদিন ধরে এ নিয়ে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা ও প্রতিবাদ চলছে। স্থানীয়রা অভিযোগ দিয়ে মানববন্ধনও করেছেন।

এ পরিস্থিতিতে নদীকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি ও ইজারাকৃত বালুমহাল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডা. মো. ইলিয়াস মিয়া।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে তিনি লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা নদী, রাবারড্রাম, লিয়াকতগঞ্জ বাংলাবাজার মাদ্রাসাসহ নদীর তীরবর্তী এলাকা ঘুরে দেখেন। এসময় জেলা প্রশাসক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেন এবং রাবারড্রামের দু’পাশে সুরক্ষার জন্য বাঁশের ব্যারিকেড দেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের জেলা প্রশাসক বলেন, খাসিয়ামারা নদীতে কোনোভাবেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। ইজারাদারকে নির্দেশ দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে সব ড্রেজার মেশিন সরিয়ে নিতে। নীতিমালার বাইরে বালু উত্তোলনের সুযোগ নেই। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নদী থেকে বালু তুলতে হবে।

রাবারড্রামের ক্ষতির বিষয়ে তিনি বলেন, এলজিইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতি হয়ে থাকলে ইজারাদারকে ক্ষতিপূরণ দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ, থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, দোয়ারাবাজার, জেলা প্রশাসক, খাসিয়ামারা নদী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ