১০ জুন ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যায় সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৫ ৪:০৪ অপরাহ্ন


গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সারা দেশের সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার(০৯ আগস্ট) সকাল ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সত্য প্রকাশে কাজ করেন। তাদের উপর হামলা মানে সত্য ও স্বাধীন গণমাধ্যমকে দমিয়ে রাখা। তুহিন হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিককে হত্যা নয়, এটি মুক্ত সাংবাদিকতার প্রতি এক সুস্পষ্ট হুমকি। বক্তারা অবিলম্বে অপরাধীদের গ্রেফতার, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

 

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ আর জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন—জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহিদুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, দৈনিক বাংলার প্রতিনিধি ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সুজন সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল ও জেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা ত্বাহা হোসাইন প্রমুখ।

 

বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ