০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

মৌলভীবাজারে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজার

প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৫ ২:৩৯ পূর্বাহ্ন

ছবিঃ নিহত ফয়জুর রহমান রুবেল

মৌলভীবাজার শহরে ফয়জুর রহমান রুবেল (৪২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে শহরের ব্যস্ততম শমশেরনগর রোডে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাকে হত্যা করা হয়।

নিহত রুবেল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি শমশেরনগর রোডের সদাইপাতি মার্কেটের ‘এফ রহমান ট্রেডিং’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর দোকানে একা ছিলেন রুবেল। এ সময় হঠাৎ ৩-৪ জন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের সিএনজি চালক ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাতেই তিনি মারা যান।

হত্যাকাণ্ডের পর থেকে শহরের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সদাইপাতি মার্কেটের সভাপতি ও অন্যান্য ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের জানান, ‘‘ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, ব্যবসায়ী, হত্যা, কুলাউড়া,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ