২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

জগন্নাথপুর পৌরসভার ২১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ জুলাই, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।


সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট অধিবেশন শেষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক বরকত উল্লাহ।


ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৪২ হাজার টাকা।

বাজেট ঘোষণাকালে প্রশাসক বরকত উল্লাহ বলেন, “এই বাজেট জগন্নাথপুর পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা স্বচ্ছতা ও সুষম বণ্টনের মাধ্যমে বাজেট বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, জনস্বাস্থ্য এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। আমাদের লক্ষ্য জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য শহরে রূপান্তর করা। এ কাজে সকল নাগরিকের সহযোগিতা কামনা করছি।”

প্রশাসক আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে এবং এতে নাগরিকদের জীবনমান উন্নত হবে।

বাজেট অধিবেশন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জগন্নাথপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী হেলাল আহমেদ, প্রকৌশলী সতীশ গোস্বামী, এলজিইডির প্রকৌশলী সোহরাব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু প্রমুখ।

এছাড়া বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন সাংবাদিক গোবিন্দ দেব, জহিরুল ইসলাম লাল মিয়া, শাহজাহান মিয়া, ফোজায়েল আহমেদ, আব্দুল ওয়াহিদ ও হুমায়ুন কবির ফরিদী। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ