১১ জুন ২০২৬

দৈনন্দিন

বিশ্বনাথে এনসিপির কমিটিতে ছাত্রদল কর্মী, ৩ জনের পদত্যাগ

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথ উপজেলায় ফেসবুক পোস্টের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটি থেকে পদত্যাগ করেছেন ছাত্রদল কর্মীসহ তিন নেতা। 

রোববার (১৩ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টে তারা নিজেদের পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন বিশ্বনাথ উপজেলা এনসিপির সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও ছাত্রদল কর্মী রুহুল আমিন, সদস্য ধনঞ্জয় বৈদ্য ও শাহেদ আহম্মেদ।

জানা যায়, শনিবার (১২ জুলাই) এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৭ সদস্যবিশিষ্ট বিশ্বনাথ উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। 

কমিটির তালিকা প্রকাশের পরপরই ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে কমিটিতে রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়।

এরইজের ধরে রোববার রাত সাড়ে ১১টার দিকে রুহুল আমিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, 'বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে এবং আমাকে পদে রাখা হয়েছে। ওই কমিটির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই যুগ্ম-সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করলাম।' 

পোস্টের শেষে তিনি নিজের নাম লিখে পদত্যাগের ঘোষণা দেন।

অন্য দুই সদস্য ধনঞ্জয় বৈদ্য ও শাহেদ আহম্মেদও অনুরূপভাবে ফেসবুকে নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান। তবে তারা ঠিক কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

পদত্যাগ, এনসিপি, বিশ্বনাথ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ