
সিলেটের গোয়াইনঘাটে বন ও পরিবেশ উপদেষ্টার নাম ব্যবহার করে নৌপথে চাঁদাবাজির মামলার প্রধান আসামি আজমল হোসেন ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে গোয়াইনঘাট উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতির আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ইউপি সদস্য ও যুবদল নেতা কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপজেলার লেঙ্গুরা গ্রামের আজমল হোসেন নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক’ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নৌপথে চাঁদাবাজি করে আসছেন। চাঁদা না দিলে তিনি ও তাঁর সহযোগীরা নৌ শ্রমিকদের নৌযান আটকে দেন এবং সোশ্যাল মিডিয়ায় মানহানিকর বক্তব্য ছড়ান।
বক্তারা আরও বলেন, সম্প্রতি আজমল ও তাঁর অনুসারীরা লেঙ্গুরা এলাকার নদীতে কয়েক শতাধিক নৌকা ও বলগেট আটকে রেখে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের নৌযান ১০ দিন ধরে জিম্মি করে রাখা হয়। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নৌযানগুলো উদ্ধার করে।
এ ঘটনায় আজমল হোসেনকে প্রধান আসামি করে গোয়াইনঘাট থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে মামলার সাতজন আসামিকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি আজমল হোসেন এখনো পলাতক।
বক্তারা অভিযোগ করেন, পলাতক থাকা অবস্থায় আজমল হোসেন ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, ওসি ও বিভিন্ন রাজনৈতিক-ব্যবসায়িক ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
এ সময় আরও বক্তব্য দেন বাংলাবাজার বালু ব্যবসায়ী সমিতির সভাপতি কালু মিয়া, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন প্রমুখ। মানববন্ধনে কয়েক শতাধিক নৌযান শ্রমিক উপস্থিত ছিলেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
গোয়াইনঘাট, মানববন্ধন, সিলেট, বন ও পরিবেশ উপদেষ্টা,


