১১ জুন ২০২৬

দৈনন্দিন

সিলেট ভয়েসে সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী দুই ভাইকে সহায়তা প্রবাসীর

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ৯ জুলাই, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ন

ছবিঃ সৌদি প্রবাসী আমজাদ হাসান

‘একটি অটোরিকশার জন্য আকুতি দুই প্রতিবন্ধী ভাইয়ের।’ এই আকুতি নিয়ে দিন গুনছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাছিমপুর গ্রামের দরিদ্র দম্পতি লিলু মিয়া ও রাজন বিবি। তাদের দুই প্রতিবন্ধী ছেলের জীবনযাত্রার মানবিক চিত্র উঠে এসেছিল গত ৩ জুলাই সিলেট ভয়েস অনলাইন পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে।

সংবাদটি নজরে আসে সৌদি প্রবাসী এক হৃদয়বান মানুষের। এরপরই সাহায্যের হাত বাড়ান দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের সৌদি প্রবাসী আমজাদ হাসান। তিনি প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে পরিবারটিকে নগদ ১০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।

সহায়তা প্রদানকারী প্রবাসী আমজাদ হাসান বলেন, ‘সংবাদটি পড়ে মন কেঁদে উঠেছিল। মানুষের পাশে দাঁড়ানোর সুযোগকে আমি নিজের দায়িত্ব মনে করি। যতটুকু পারি, করেছি। এখন চাই সরকার যেন পরিবারটির পাশে দাঁড়ায়।’

উল্লেখ‍্য, দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের লিলু মিয়া (৬৩) ও তার স্ত্রী রাজন বিবি (৫৫) দীর্ঘ ২০ বছর ধরে অন্যের বাড়িতে কাজ করে কোনোভাবে সংসার চালিয়ে আসছেন। তাদের পাঁচ সদস্যের পরিবারে বড় ছেলে রমজান আলী (৩৫) ও মেঝো ছেলে জাবিল হোসেন (২৯) জন্ম থেকেই মানসিক, শারীরিক ও বাক প্রতিবন্ধী।

এই দুই সন্তানকে নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন তারা। সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছোট ছেলে সুহেল মিয়া (২৪), যে দিনমজুরির কাজ করে কোনোভাবে ঘরের চুলা জ্বালান।

তাদের দাবি, সুহেল মিয়ার হাতে যদি একটি অটোরিকশা তুলে দেওয়া যায়, তাহলে পুরো পরিবারটিই একটু মাথা তুলে দাঁড়াতে পারবে। এজন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি অটোরিকশার সহযোগিতা কামনা করেছেন।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

প্রবাসী, দোয়ারাবাজার, সুনামগঞ্জ, প্রতিবন্ধী, সহায়তা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ