২৬ আগস্ট ২০২৬

ধর্ম / ইসলাম

সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, শান্তি-সম্প্রীতির আহ্বান

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৬ ৭:০০ অপরাহ্ন


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুনামগঞ্জে ঐতিহ্যবাহী জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় রাজাপুরা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।


জশনে জুলুসটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ক্বারী মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী রাজাপুর দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী (মা.জি.আ.)।


তিনি বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। মহানবী (সা.) তাঁর সুমহান আদর্শ ও উত্তম চরিত্রের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে সত্য ও আলোর পথে পরিচালিত করেছেন। ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। একটি শান্তিপূর্ণ দেশ গড়তে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ পরিহার করে মহানবী (সা.)-এর ক্ষমা, সহনশীলতা ও মানবিকতার আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। কুরআন-সুন্নাহর শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ আত্মনির্ভরশীল জাতি গঠন করতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আলোচনা সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুর রইছ, হোসাইনীয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা সিরাজুল ইসলাম খায়ের, হোসাইনীয়া যুব কমিটির কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি কে এম নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল হক, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ, জেলা যুবদল নেতা হুমায়ুন কবির প্রমুখ।


এ সময় হোসাইনীয়া কমিটি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

ঈদে মিলাদুন্নবী, জশনে জুলুস, রাজাপুরা দরবার শরীফ, হোসাইনীয়া কমিটি, ধর্মীয় সম্প্রীতি, আলোচনা সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ