তাহিরপুরে রুটিনের বাইরে গিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৬ ৩:০১ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্ধারিত সময়সূচি অনুসরণ না করে বাংলা পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ আগস্ট) বিদ্যালয়টির প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পরীক্ষা নেওয়া হয়। অথচ নির্ধারিত সূচি অনুযায়ী ওই দিন ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। বাংলা পরীক্ষার তারিখ ছিল আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট)।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্ধারিত সূচি অনুযায়ী, ২০ আগস্ট থেকে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। একই সূচি অনুযায়ী সোমবার সব শ্রেণির শিক্ষার্থীর ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা এবং বৃহস্পতিবার বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।
কিন্তু হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদের নির্দেশে সোমবার প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা পরীক্ষা নেওয়া হয় বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় বিদ্যালয়টির আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, নির্ধারিত সময়ের আগে পরীক্ষা নেওয়ায় প্রশ্নপত্রের গোপনীয়তা ও মূল্যায়ন পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। একই উপজেলার অন্য বিদ্যালয়গুলো নির্ধারিত সূচি অনুসরণ করলেও একটি বিদ্যালয়ে ভিন্ন সময়ে পরীক্ষা নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকও একই তথ্য জানিয়ে বলেন, সোমবার ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা পরীক্ষা নেওয়া হয়েছে।
তবে কেন নির্ধারিত সূচির বাইরে গিয়ে পরীক্ষা নেওয়া হলো, সে বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা একদিন ছুটি পাবে এ কারণে তিনি বাংলা পরীক্ষা নিয়েছেন। আমি ভালো মনে করেছি, তাই এ কাজ করেছি।’
এদিকে কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তার কর্মকাণ্ড ও আচরণ নিয়ে উপজেলা ও জেলা শিক্ষা অফিস থেকে তিরস্কার করা হয়েছিল। তবে এই অভিযোগের পক্ষে কোনো নথি বা সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি অভিযোগ হিসেবেই থাকছে।
রুটিনের বাইরে গিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনায় স্থানীয় কয়েকজন বাসিন্দাও ক্ষোভ প্রকাশ করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা দরকার। কেন নির্ধারিত সময়সূচি পরিবর্তন করে পরীক্ষা নেওয়া হলো এবং এতে মূল্যায়ন পরীক্ষার নিয়ম ও স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না।
এ বিষয়ে জানতে চাইলে তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া বলেন, ‘আমি বিষয়টি জানি না। যদি এমন হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তাহিরপুরে বাংলা পরীক্ষা, হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরীক্ষার রুটিন অমান্য, তাহিরপুর প্রাথমিক শিক্ষা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ