০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সিলেটে র‍্যাবের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ জুন, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ন


আসন্ন পবিত্র ঈদ উল-আযহা উপলক্ষে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা, পশুর হাটে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, বাস-রেল ও লঞ্চ টার্মিনালে ভোগান্তি নিরসনে র‍্যাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক কার্যকরী পদক্ষেপ।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চালু করা হয়েছে ‘র‍্যাব সাপোর্ট সেন্টার’। এসব সেন্টারে যাত্রীদের জন্য রয়েছে প্রাথমিক চিকিৎসা সেবা, যানবাহন বিকল হলে দ্রুত মেরামতের ব্যবস্থা এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি ও আইনগত সহায়তা।

পাশাপাশি পশুর হাটে ছিনতাই, চাঁদাবাজি, মলম পার্টি ও পকেটমারদের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। জালনোট শনাক্তে প্রতিটি বড় পশুর হাটে স্থাপন করা হয়েছে র‍্যাব-৯ এর বিশেষ বুথ।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, ঈদ-উল-আযহাকে সামনে রেখে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের কুইক রেসপন্স টিম সদা প্রস্তুত রয়েছে। বিশেষ চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

এছাড়া খাদ্যে ভেজালবিরোধী অভিযান, টিকিট কালোবাজারি রোধ এবং অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে র‍্যাব। ঈদকেন্দ্রিক যেকোনো সাইবার অপরাধ ঠেকাতে কাজ করছে র‍্যাব-৯ এর সাইবার মনিটরিং সেল।বাস-স্টেশন, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে র‍্যাবের  সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা সতর্ক নজরদারি চালাচ্ছেন বলেও জানানো হয়।

ঈদের আগে-পরে ৭ দিন পর্যন্ত র‍্যাব-৯ এর এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছেন মিডিয়া কর্মকর্তা কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

র‍্যাব-৯ নিরাপত্তা ব্যবস্থা, ঈদ উল-আযহা ২০২৫, ঈদযাত্রা নিরাপত্তা,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ