সারাদিন অসহনীয় গরমে পুড়েছে সিলেট, স্বস্তির বার্তা দিল আবহাওয়া অফিস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৬ ৭:০১ অপরাহ্ন
টানা কয়েকদিনের বৃষ্টির পর বুধবার (১৫ জুলাই) সিলেটে ছিল তীব্র রোদের দাপট। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরজুড়ে ভ্যাপসা গরম বিরাজ করছিল। এতে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন।
তবে এই ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছে আহবাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও আশেপাশের এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বুধবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় ৭৪ শতাংশে নেমে আসে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ১২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে প্রচণ্ড গরমে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আম্বরখানা এলাকার বাসিন্দা নাজিব আহমদ বলেন, ‘সকাল থেকে তীব্র গরম লাগছে। এর মধ্যে দুপুরে প্রায় ঘণ্টাখানেক বিদ্যুৎ ছিল না।’
তিনি বলেন, ‘সূর্যের যে ত্যাজ, মনে হয়েছিল একদম কাছাকাছি চলে এসেছে। জান আর চলে না।’
এক রিকশাচালক বলেন, ‘প্রচুর রইদ। এই রোদে কাজ-কাম করা যায় না। খুব কষ্ট হচ্ছে।’
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, আগা্মী ২৪ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এতে রাতেও গরম কিছুটা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিলেট আবহাওয়া, সিলেটে গরম, ভারী বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা, বৃষ্টিপাত