এবার শাহজালাল মাজারে প্রশাসনের দানবাক্স, পাহারায় আনসার
দৈনন্দিন
প্রকাশঃ ১৮ জুন, ২০২৬ ২:৪৭ অপরাহ্ন
হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার নতুন বাজারসহ চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কের বেশ কয়েকটি অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, বিশেষ করে নতুন বাজার এলাকার সড়কটি এখন দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নতুন বাজার এলাকায় সড়কের কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় ও ছোট গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্ত অনেক সময় চোখে পড়ে না। ফলে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। কোথাও কোথাও কাদা ও পানির কারণে সড়কের প্রকৃত অবস্থা বোঝাও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চুনারুঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে অন্তত অর্ধশতাধিক গর্ত রয়েছে। এর মধ্যে নতুন বাজার অংশের অবস্থা সবচেয়ে নাজুক। প্রতিদিন এই সড়ক দিয়ে চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ জেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে শত শত ছোট-বড় যানবাহন।
সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি। মাঝে মধ্যে গর্তে ইটের খোয়া ফেলা হলেও কয়েক দিনের মধ্যেই সেগুলো ধুয়ে যায় বা সরে যায়। ফলে আগের অবস্থাই ফিরে আসে।
নতুন বাজার এলাকার কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলে জান যায়, সড়কের কারণে ক্রেতাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে মানুষজন কাদা ও পানি এড়িয়ে চলতে গিয়ে বিপাকে পড়েন। অনেক সময় যানজটও তৈরি হয়। সেজন্য ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে জানান তারা।
অটোরিকশাচালক মজনু মিয়া বলেন, ‘এই সড়কে প্রতিদিন গাড়ি চালাতে গিয়ে বিপাকে পড়তে হয়। গর্ত এড়াতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি থাকে, আবার গর্তে পড়লে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।’
স্থানীয়দের দাবি, সড়কটির বর্তমান অবস্থা শুধু জনদুর্ভোগই বাড়াচ্ছে না, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও তৈরি করছে। তাই দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, সড়কের বেহাল অবস্থার বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চুনারুঘাট সড়ক, চুনারুঘাট নতুন বাজার, হবিগঞ্জ সড়কের বেহাল অবস্থা, চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়ক, সড়কে গর্ত, জনদুর্ভোগ, সড়ক সংস্কার, হবিগঞ্জ সংবাদ, চুনারুঘাট পৌরসভা, সড়ক ও জনপথ বিভাগ, দুর্ঘটনার ঝুঁকি