১৩ জুন ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধে গাছ কাটার অভিযোগ, হুমকিতে স্থায়িত্ব ও নিরাপত্তা

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ২:৪৬ অপরাহ্ন


হবিগঞ্জ শহরের প্রতিরক্ষা খোয়াই নদীর বাঁধ এখন হুমকির মুখে পড়েছে। শহরের সুইচগেট এলাকা থেকে মাছুলিয়া ব্রিজ পর্যন্ত বাঁধের ওপর থাকা শত শত গাছ কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বাঁধের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।


স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলছে। দিনের আলোতেই এসব ঘটনা ঘটলেও ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। তাদের আশঙ্কা, বর্ষায় অতিবৃষ্টি বা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধ দুর্বল হয়ে পড়লে পুরো শহর বড় ধরনের বন্যা ঝুঁকিতে পড়তে পারে।


হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রামশ্রী থেকে সদর উপজেলার জালালাবাদ পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ খোয়াই নদীর বাঁধ মেরামতের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রায় ১৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ ২০২৫ সালের অক্টোবর থেকে শুরু হয়। তবে কাজ শুরুর কিছুদিন পর থেকেই বাঁধ এলাকায় গাছ কাটার অভিযোগ ওঠে।


স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী চক্রের কারণে শুরুতে গাছ কাটার ঘটনা থেমে গেলেও সম্প্রতি তা আবারও শুরু হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কিছুদিন গাছ কাটা বন্ধ থাকলেও এখন আবার তা চলছে বলে অভিযোগ রয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা বলেন, “দিনের বেলাতেই গাছ কাটা হচ্ছে, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারছে না। বাঁধ দুর্বল হয়ে গেলে পুরো শহর বিপদের মুখে পড়বে।”


এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, “বাঁধের গাছ কাটা সম্পূর্ণ অবৈধ। গাছ কাটা অপরাধ। আমি ঠিকাদারকে গাছ না কেটে কাজ করার নির্দেশ দিয়েছি। আমার জানা মতে কোনো গাছ কাটা হচ্ছে না। যদি কাটা হয়ে থাকে, স্থানীয়রা আমাদের জানালে ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে জেলা বন বিভাগের সরকারি বন সংরক্ষক তারেক রহমান বলেন, “বাঁধ প্রকল্প শুরুর আগেই বন বিভাগের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন ছিল। এর আগেও অনেক গাছ কাটা ও নষ্ট করা হয়েছে। এর দায় পানি উন্নয়ন বোর্ড এড়াতে পারে না। কাজ শুরুর আগে আমাদের সঙ্গে সমন্বয় করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি।”


তবে বর্তমানে গাছ কাটার বিষয়ে বন বিভাগের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি।


এদিকে স্থানীয়দের আশঙ্কা, বাঁধের গাছ কেটে ফেলায় এর কাঠামোগত স্থায়িত্ব দুর্বল হয়ে পড়ছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

খোয়াই নদীর বাঁধ, হবিগঞ্জ বাঁধ, গাছ কাটা অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড, পাউবো, হবিগঞ্জ সংবাদ, নদী বাঁধ ঝুঁকি, বন বিভাগ হবিগঞ্জ, সুইচগেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ