২৫ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

একরাতে সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৮২ জন পুশইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ মে, ২০২৫ ৩:২০ অপরাহ্ন


সিলেট ও সুনামগঞ্জ জেলার চারটি সীমান্ত পয়েন্ট দিয়ে একরাতে চার দফায় ৮২ জন বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (২৮ মে) ভোররাত থেকে ভোর পর্যন্ত এই পুশ-ইনের ঘটনাগুলো ঘটে।



বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল পরে তাদেরকে আটক করে। আটকদের মধ্যে রয়েছেন ২৩ জন পুরুষ, ২৭ জন নারী এবং ৩২ জন শিশু। তাদের মধ্যে যশোর জেলার ৯ জন এবং বাগেরহাট জেলার ৪ জন ছাড়া বাকিরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।



ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এবং জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার। এছাড়াও দুই ব্যাটালিয়ন থেকে আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।



সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ি সীমান্ত দিয়ে ২০ জন, জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত দিয়ে ৩২ জন এবং এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার ছনবাড়ি সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করিয়েছে বিএসএফ। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ২২ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে। এবং আটককৃতরা কুড়িগ্রাম, যশোর ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।



এছাড়া জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) তথ্য অনুযায়ী, সিলেটের জৈন্তাপুর উপজেলার কদমখাল সীমান্ত পয়েন্ট দিয়ে আরও ১৪ জন বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। আটককৃতদের মধ্যে ৫জন পুরুষ, ৫জন নারী এবং ৪জন শিশু রয়েছে। এবং তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।



উল্লেখ্য, এর আগে গত শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১৫৩ জন বাংলাদেশিকে একইভাবে পুশ-ইন করেছিল বিএসএফ।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

পুশইন, আটক, ভারত, বাংলাদেশ, সীমান্ত, কানাইঘাট, জৈন্তাপুর, সিলেট, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ