সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর আইটি অবকাঠামো উন্নয়ন নিয়ে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর ভাইস চ্যান্সেলরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. রেজওয়ান আহমদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার।
অন্যদিকে বিডিরেনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরিতসহ অন্যান্য কর্মকর্তারা।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক ও আবাসিক এলাকায় বিদ্যমান ইন্টারনেট ও নেটওয়ার্কিং সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রযুক্তি হালনাগাদ, ব্যান্ডউইথ সম্প্রসারণ, নেটওয়ার্ক স্থিতিশীলতা বৃদ্ধি এবং সামগ্রিক আইটি অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করে, বিডিরেনের সহযোগিতায় ক্যাম্পাসের প্রযুক্তিনির্ভর সেবা আরও আধুনিক ও কার্যকর হবে।
শেয়ার করুনঃ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন
সিলেট, শাবিপ্রবি, মতবিনিময়

