১০ মে ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

জুড়ীতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ১০ মে, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন


মৌলভীবাজারের জুড়ী উপজেলায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামানের অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১০ মে) দুপুরে উপজেলা চত্বরে সচেতন নাগরিকবৃন্দ ও স্থানীয় মৎস্যজীবীদের উদ্যোগে এ মানববন্ধন পালন করা হয়। 

 

সমাজসেবক রেজান আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্যজীবী আফতাব আলী, মোস্তাকিম হোসেন, হাবিবুর রহমান, সুমন আহমেদ, মো. হাবিব মিয়া, আবু নাঈম, জাবেদ আহমদ ও আজিজ মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা।

 

বক্তারা জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে জুড়ীতে কর্মরত থাকার সুযোগে হাকালুকি হাওরকেন্দ্রিক একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। ওই সিন্ডিকেটের মাধ্যমে হাওরের মৎস্যসম্পদ লুটপাট ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন। 

 

সরকারি জলমহাল নীতিমালা অমান্য করে বিভিন্ন বিলে সেচ মেশিন ব্যবহার করে পানি শুকিয়ে মাছ আহরণ করা হচ্ছে, যা মৎস্যসম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। হাকালুকি হাওরের চাতলা বিল, তুরল বিল ও নাগুয়াবিলসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ১০ থেকে ১৫টি মেশিন দিয়ে বিল শুকিয়ে মাছ ধরার অভিযোগ দীর্ঘদিনের হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন বক্তারা।

 

তারা আরও জানান, অবৈধ মৎস্য শিকার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগত সুবিধার বিনিময়ে এসব কর্মকাণ্ডে পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে আসছেন। এ অবস্থায় অবিলম্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামানের অপসারণ এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন তারা।

 

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বদা সরকারি নীতিমালা অনুসরণ করে কাজ করছি। অবৈধ মৎস্য শিকার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত উদ্দেশ্যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জুড়ী, মৎস্য কর্মকর্তা, অপসারণ দাবি, মানববন্ধন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ