২৩ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / প্রকৃতি

বারেকটিলায় আঁকাবাঁকা সড়কের সংস্কার, পর্যটকদের ভোগান্তি নিরসন

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ মে, ২০২৫ ৭:১৯ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুরের অন্যতম পর্যটন এলাকা বারেকটিলার আঁকাবাঁকা উচু সড়কটি অবশেষে সংস্কার করা হয়েছে। এতে করে স্থানীয় ও পর্যটকদের দীর্ঘদিনের চলাচলে ভোগান্তির অবসান ঘটেছে। 

এদিকে প্রায় অনেক বছর আগ থেকে সড়কটি সংস্কারের দাবি করে আসছিলেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, বারেকটিলার আঁকাবাঁকা সড়কটির প্রায় পনেরশো মিটার সংস্কার কাজ চলতি বছরের মার্চ মাসে শুরু হয়। পরে মে'র মাঝামাঝি সময়ে সংস্কার কাজ শেষে সড়কটি চলাচলের উপযোগী হয়ে উঠে।

বারেকটিলা এলাকাটি ভারত সীমান্তবর্তী সুনামগঞ্জের একটি জনপ্রিয় পর্যটন স্থান। গাছ-গাছালিতে পরিপূর্ণ এলাকাটিতে টিলার নিচ দিয়ে বয়ে গেছে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলের নদী যাদুকাটা। 

টিলা, পাহাড় ও নদী- এই তিনে মিলে স্থানটিকে নয়নাভিরাম করে তুলেছে, যা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সৌন্দর্যপিপাসু প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন এখানে। টিলার উপরে ওঠার জন্য একটি আঁকাবাঁকা সড়ক রয়েছে। এই সড়ক বেয়েই বেশিরভাগ পর্যটক উপরে ওঠে টিলা, পাহাড় ও নদীর সৌন্দর্য্য উপভোগ করতেন। 

তবে সড়কটির বেহাল অবস্থার কারণে উপড়ে ওঠতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হতো পর্যটকদের। যে কারণে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হতো আগত দর্শনার্থীদের। আবার দুর্ঘটনা এড়াতে স্থানীয় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকরা সড়কটির ভাঙা স্থানে মাঝেমধ্যে মাটি ভরাট করে চলাচল করতো।

বিষয়টি জেনে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম। আর বেহাল এই সড়কটি সংস্কার করতে গিয়ে উপজেলা প্রশাসন তাদের উন্নয়ন বাজেট ও বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে অর্থ সংযোজন করে সড়কটির সংস্কার কাজের ব্যয়ভার মিটিয়েছেন বলে জানা গেছে। 

ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক আশীষ রায় বলেন, সড়কটির অনেক স্থানে গর্তে ভরা ছিল, পাথর সরে গিয়ে রড বের হয়ে থাকতো। যা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ জেনেও রাস্তাটি দিয়ে উপরে উঠা-নামা করতে হতো আমাদের। এখন সড়কটির সংস্কার হওয়াতে স্বস্তি পেলাম।

উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কাসেম উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বারেকটিলার আঁকাবাঁকা সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। দূর থেকে ঘুরতে আসা পর্যটকরা সড়কটির বেহাল আর ভয়ানক অবস্থা দেখে হতাশ হতো। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের অবগত করেও কোনো সুফল মেলেনি। দীর্ঘদিন পরে হলেও সড়কটির সংস্কার হয়েছে জেনে ভালো লাগছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম বলেন, তাহিরপুরে যোগদানের শুরু থেকেই এখানকার পর্যটন বিকাশে মনোনিবেশ ছিল। এরই অংশ হিসেবে বারেকটিলার আঁকাবাঁকা ঝুকিপূর্ণ সড়কটি সংস্কার করা হয়েছে। যেন আগত দর্শনার্থীরা এখানকার সৌন্দর্য উপভোগ করতে এসে আর দুর্ভোগ না পোহান।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

তাহিরপুর, বারেকটিলা, পর্যটন, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ