সাড়ে ৫ ঘণ্টা পর কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে যান চলাচল স্বাভাবিক
দৈনন্দিন
প্রকাশঃ ২ মে, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন
দীর্ঘ প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর মৌলভীবাজারের কমলগঞ্জ–শ্রীমঙ্গল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে লাউয়াছড়া বনে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
এ অবস্থায় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নামজুল হক।
বন বিভাগ কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২ টার দিকে তীব্র ঝড়ো হাওয়ার সময় লাউয়াছড়া বনের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের গাড়ি ভাঙ্গাসহ একাধিক স্থানে গাছ ভেঙে এবং উপড়ে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বন বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করেন। এ সময় সড়কে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যানবাহন আটকা পড়ে।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নামজুল হক বলেন, ‘দুপুরে আকস্মিক ঝড়ো বৃষ্টিতে একাধিক স্থানে বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ অপসারণে পর বিকাল ৬ টায় এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’
কমলগঞ্জ সড়ক বন্ধ, লাউয়াছড়া বন ঝড়, শ্রীমঙ্গল যানজট, কালবৈশাখী ক্ষতি, মৌলভীবাজার সড়ক পরিস্থিতি