সিলেটে ৩৬ ঘন্টায় পুলিশের অভিযানে আটক ৬৮ জন
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৬ ১:৪৫ অপরাহ্ন
সিলেট মহানগরে পৃথক পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় ২৫ জন এবং পরবর্তী ৮ ঘণ্টায় আরও ৪৩ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ ৯৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) এসএমপি জানায়, গত ২৮ এপ্রিল রাত ১২টা থেকে ২৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মহানগরের বিভিন্ন থানার অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তারসহ মোট ২৫ জনকে আটক করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ৫ জন রয়েছেন। বাকি ১৮ জনকে মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে ৪৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করে এবং ৫৬টি যানবাহন আটক করে। মামলা দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে ১টি ট্রাক, ৩টি প্রাইভেটকার, ৮টি সিএনজি, ২৯টি মোটরসাইকেল এবং অন্যান্য ২টি যান। আটক যানবাহনের মধ্যে ১টি বাস, ২টি ট্রাক, ১৪টি সিএনজি, ৩৩টি মোটরসাইকেল এবং অন্যান্য ৬টি যান রয়েছে।
এ ছাড়া ২৯ এপ্রিল রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টার অভিযানে আরও ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে এয়ারপোর্ট থানার অভিযানে নিয়মিত মামলার ৩ জন, কোতোয়ালী মডেল থানার অভিযানে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, একই অভিযানে ২৩ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এয়ারপোর্ট থানার অভিযানে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মেট্রোপলিটন অধ্যাদেশে ৭ জন এবং সন্দেহজনকভাবে ৩ জনকে আটক করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হচ্ছে। মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সিলেট, এসএমপি, পুলিশ, অভিযান, আটক