
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরজুড়ে এখন বোরো ধান কাটার ব্যস্ততা। বৈশাখের তীব্র রোদে মাঠে কাজ করা কৃষকদের কষ্ট কিছুটা লাঘব করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুক্তরাজ্য বিএনপির নেতা ও জগন্নাথপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলিফ আলী।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে তিনি উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটায় ব্যস্ত কৃষকদের মধ্যে পানি ও শুকনো খাবার বিতরণ করেন। প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ এ ধরনের সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রমজীবী কৃষকেরা।
হাওরে গিয়ে আলিফ আলী শুধু খাবার বিতরণেই সীমাবদ্ধ থাকেননি। তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন, তাদের অভাব-অভিযোগ শোনেন এবং ধানের ফলন ও বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। কৃষকেরা জানান, ধান কাটার মৌসুমে মাঠে সুপেয় পানির সংকট থাকে। এমন সময়ে এই সহায়তা তাদের জন্য স্বস্তি এনে দিয়েছে।
আলিফ আলী বলেন, কৃষক আমাদের দেশের প্রাণ। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা আমাদের মুখে অন্ন তুলে দেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন এলাকার সন্তান হিসেবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন প্রবাসে থাকলেও আলিফ আলী সবসময় এলাকার মানুষের পাশে দাঁড়ান। আসন্ন পৌর নির্বাচনে তাকেই যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন অনেকেই। হাওরে কৃষকদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। তারা হাওরের বিভিন্ন মাঠ পরিদর্শন করে কৃষকদের উৎসাহ দেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
জগন্নাথপুর, হাওর, আলিফ আলী, কৃষক সহায়তা, বোরো ধান


