জগন্নাথপুরে কৃষকের ধান কেটে দিলেন বিএনপি নেতা
দৈনন্দিন
প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০২৬ ১:১০ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে আগাম বন্যার আশঙ্কা, শ্রমিক সংকট ও তীব্র গরমের মধ্যে পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন হাওরাঞ্চলের প্রান্তিক কৃষকেরা। এমন পরিস্থিতিতে স্থানীয় কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কেটে দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর হাওরের আশিঘর পূর্বাংশে এক কৃষকের প্রায় এক বিঘা জমির পাকা ধান কেটে দেন তিনি। এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তরুণ নেতাকর্মীরা তাঁর সঙ্গে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাওর এলাকায় ধান পাকতে শুরু করলেও শ্রমিকের অভাব ও অতিরিক্ত মজুরির কারণে অনেক কৃষক সময়মতো ধান কাটতে পারছেন না। এর সঙ্গে যুক্ত হয়েছে আগাম বন্যার শঙ্কা। ফলে ফসল হারানোর ভয়ে উদ্বেগে রয়েছেন কৃষকেরা।
ধান কাটতে সহায়তা পাওয়া কৃষক সুহেল আমিন বলেন, শ্রমিক সংকট ও বাড়তি খরচের কারণে ধান কাটতে দেরি হচ্ছিল। এ অবস্থায় স্থানীয় বিএনপি নেতাদের এমন উদ্যোগে তাঁরা স্বস্তি পেয়েছেন।
এ সময় আবু হুরায়রা সাদ মাষ্টার বলেন, হাওরাঞ্চলে আগাম বন্যার আশঙ্কা রয়েছে, অন্যদিকে শ্রমিক সংকটও তীব্র। ফলে কৃষকেরা আতঙ্কে আছেন। কোনো কৃষক ধান কাটতে সমস্যায় পড়লে জানালে আমাদের নেতাকর্মীরা পাশে দাঁড়াবে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদের নির্দেশনায় দলের পক্ষ থেকে কৃষকদের সহায়তায় এ কার্যক্রম চালানো হচ্ছে।
ধান কাটার এ কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলীসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর, কৃষক, বিএনপি, ধানকাটা