ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে বিদ্যুতের খুঁটি বহনকারী লরি চাপায় বাবার মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটি বহনকারী লরি চাপায় আজিজুর রহমান জুনেল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকার ঢাকা-সিলেট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহতের তৃতীয় শ্রেণি পড়ুয়া ছেলে আহত হয়েছে। আজিজুর রহমান জুনেল সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আজিজুর রহমান জুনেল তার ছেলেকে স্কুল থেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি বিদ্যুতের খুঁটি বহনকারী লরি ওভারটেক করতে গিয়ে গাড়ির নিচে চাপা পরে প্রাণ হারান। এ সময় তার ছেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয় বলে জানায় পুলিশ।
এদিকে, দুর্ঘটনায় জড়িত বিদ্যুতের খুঁটি বহনকারী লরিটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। একইসঙ্গে চালককেও আটক করা হয়েছে।
সিলেট মহানগর তাঁতীদলের সদস্যসচিব আমিনুল হক বেলাল জানান, জুনেলের ছেলে তেলিবাজার এলাকার একটি স্কুলে পড়ে। স্কুল থেকে ছেলেকে নিয়ে গোপশহরের বাসায় ফেরার পথে বিদ্যুতের খুঁটি বহনকারী লরি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনেলের মৃত্যু হয়। দুর্ঘটনায় তার ছেলেও আহত হয়েছে।
এ বিষয়ে ওসি মো. আশরাফ উজ্জামান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সড়ক দুর্ঘটনা, লরি চাপায় মৃত্যু, সড়ক দুর্ঘটায় নিহত, সিলেট