
বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আর্জেন্টিনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্ট মিসবাহ বি.এস. চৌধুরী অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে বাংলাদেশ-আর্জেন্টিনার দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করেন। বৈঠকে প্রতিনিধি দলে সাংবাদিক আশরাফ আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠকের একপর্যায়ে শিক্ষা, চিকিৎসা ও পরিবেশ বিষয়ক কাজের অভিজ্ঞতা তুলে ধরা ম্যাগাজিন ‘অদম্য’ রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়। ম্যাগাজিনটির উদ্যোগ ও কার্যক্রমের প্রশংসা করে রাষ্ট্রদূত শিগগিরই সিলেট সফরের আগ্রহ প্রকাশ করেন।
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদ–এর ৮১তম অধিবেশনকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতাও আলোচনায় গুরুত্ব পায়। এ সময় ওই অধিবেশনে বাংলাদেশ সরকারের সভাপতি পদপ্রার্থী, পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান–এর পক্ষে আর্জেন্টিনার সমর্থন কামনা করা হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
বাংলাদেশ আর্জেন্টিনা সম্পর্ক, কূটনৈতিক বৈঠক ঢাকা, বাণিজ্য সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ

