১৬ এপ্রিল ২০২৬

দৈনন্দিন

বানিয়াচংয়ে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তার দাবি ডা. জীবন এমপির

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ১৫ এপ্রিল, ২০২৬ ৯:০১ অপরাহ্ন


অতিবৃষ্টির কারণে হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও বসতঘরও।


এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।


বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধি ৭১ অনুযায়ী বক্তব্য দিয়ে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকার বেশিরভাগ মানুষ কৃষিনির্ভর। অতিবৃষ্টির কারণে কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া অনেক দরিদ্র পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে তারা দুর্ভোগে পড়েছেন।


ডা. জীবন এমপি ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় ত্রাণ কার্যক্রম জোরদারের দাবি জানান। তিনি বলেন, দ্রুত সহায়তা না পৌঁছালে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।


এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, অতিবৃষ্টির ফলে ফসলহানি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকে চরম সংকটে পড়েছেন। তারা দ্রুত সরকারি সহায়তা পৌঁছানোর দাবি জানিয়েছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, বানিয়াচং, ডা. জীবন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ