২৩ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / প্রকৃতি

ওসমানীনগরে ৩ কিলোমিটার সড়ক বেহাল, বাড়াচ্ছে ভোগান্তি

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ২১ মে, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ন


সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা সড়কের মুখ থেকে বুরুঙ্গা বাজার পর্যন্ত সড়ক বেহাল অবস্থায় আছে। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কের অধিকাংশ জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। দীর্ঘদিন ধরে সড়কটির এমন অবস্থার সৃষ্টি হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।


স্থানীয়রা জানান, সিলেট-ঢাকা মহাসড়কে পৌঁছাতে ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র পথ এই সড়কটি। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। প্রায় এক যুগ আগে সড়কটির কিছু সংস্কার কাজ করা হলেও এরপর আর কোনো সংস্কার করা হয়নি। সর্বশেষ বন্যায় সড়কের আরও ক্ষতি হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।


বর্তমানে সড়কটির বেশির ভাগ জায়গায় বড় গর্তের কারণে যান চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। গর্তে পড়ে প্রায়ই যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন বিকল হয়ে পড়ে থাকে, এতে সৃষ্টি হয় যানজট। বর্ষাকালে এই দুর্ভোগ আরও তীব্র হয়। বৃষ্টির পানি জমে থাকায় গর্তগুলো চেনাও যায় না, ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।


এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করতে হবে। তাদের ভাষায়, 'আর দেরি হলে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে হবে।'


স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে বুরুঙ্গা বাজারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। একজন বলেন, 'গাড়ি গর্তে পড়লে আমরা ধাক্কা খেয়ে পড়ে যাই। মাথায় রড লেগে আঘাত পাই। মাঝেমধ্যে চালককে গাড়ি ঠেলে সহযোগিতা করতে হয়।'

 

বুরুঙ্গা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাতির উল্লা বলেন, 'সড়কের অবস্থা এতটাই খারাপ যে অনেক জায়গায় যান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন কোনো না কোনো গাড়ি বিকল হয়ে রাস্তার পাশে পড়ে থাকে।'


স্থানীয় ব্যবসায়ী ইউসুফ আলী জানান, 'পিকআপে মালামাল পাঠাতে গেলে চালকেরা অতিরিক্ত ভাড়া চান। তাও অনেকে যেতে চান না।'


উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, 'সড়কটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে দ্রুত সংস্কার কাজ শুরু হবে।'


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

ওসমানীনগর, সড়ক, সওজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ