২১ মে ২০২৬

দৈনন্দিন / দিবস

শাবিপ্রবিতে আজ দিনব্যাপী চা প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ মে, ২০২৫ ১:৩২ পূর্বাহ্ন


আন্তর্জাতিক চা দিবসকে সামনে রেখে বাংলাদেশ ও চীনের মধ্যে চা বাণিজ্য সম্প্রসারণ ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে আজ মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত হবে দিনব্যাপী ‘চা প্রদর্শনী ২০২৫’।


বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চাইনিজ কর্নার, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগ এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ আয়োজনে প্রথমবারের মতো এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ও চীনের মোট ২০টি চা কোম্পানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। চীনের সাত সদস্যের একটি প্রতিনিধি দলও এতে অংশ নিচ্ছে।


প্রদর্শনী উপলক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভবনে ২০টি বুথ সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে এসএস ব্ল্যাক টি, ফিনলে, গার্ডেন ফ্রেশ, মালনীছড়াসহ দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।


প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর মি. লি শাওপেং, শিল্পপতি ড. সৈয়দ রাগীব আলী। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সদস্য তাহসীন আহমেদ চৌধুরী এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি মাওলানা খায়রুল হোসেন।


আয়োজকরা জানান, প্রদর্শনীতে চীনা ভাষায় অঙ্কন ও ক্যালিগ্রাফি, চীনের ঐতিহ্যবাহী পদ্ধতিতে চা তৈরির প্রক্রিয়া, সাংস্কৃতিক পরিবেশনা ও তথ্যচিত্র উপস্থাপনসহ নানা আয়োজন থাকবে। পাশাপাশি একটি বিশেষ বইও প্রকাশিত হবে, যাতে শিক্ষক, গবেষক ও সাংবাদিকদের লেখা রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ