০৬ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

চুনারুঘাটে র‍্যাবের অভিযানে চার মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১:০২ অপরাহ্ন


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র‍্যাব-৯-এর অভিযানে ২৪ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) চুনারুঘাটের দেওয়াহাটা ইউনিয়নের নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সায়েরা বেগম (৩৭), সাহিদা খাতুন (৪৫), আনিকুল ইসলাম (২০) ও ওয়াসকুরুনী (২৫)। তাদের সবার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।

র‍্যাব-৯ জানায়, র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে চুনারুঘাট থানাধীন ৭ নম্বর দেওয়াহাটা ইউনিয়নের নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় হাবিব কাউন্টার-এর উত্তর পাশে একটি চায়ের দোকানের সামনে সন্দেহজনকভাবে অবস্থানরত কয়েকজন নারী ও পুরুষকে নজরদারিতে নেয় র‍্যাব।

দুপুর আনুমানিক ৩টা ৫ মিনিটে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে চারজন পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়। তল্লাশিতে তাদের সঙ্গে থাকা দুটি ট্রাভেল ব্যাগ ও একটি স্কুল ব্যাগ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা পরস্পরের যোগসাজশে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দ করা আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

চুনারুঘাট, র‍্যাব, অভিযান, মাদক কারবারি, গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ