১৩ জুন ২০২৬

দৈনন্দিন

সিলেটে রাত সাড়ে ১১টা পর্যন্ত দোকান-পাট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ ডিসেম্বর, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ন


সিলেটে রাত সাড়ে ৯টায় মার্কেট বন্ধের সিদ্ধান্ত শিথিল করে মুদি দোকান, কাঁচাবাজার ও দরগাহ বাজার এলাকার দোকানপাট রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, আগে মার্কেট বন্ধ হওয়ার কারণে সাধারণ ক্রেতাদের পাশাপাশি ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকর্মীরাও নিত্যপণ্য কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। জরুরি মুহূর্তে শিশুখাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী কেনাও কঠিন হয়ে পড়ছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় নগরীর বারুতখানার একটি পার্টি সেন্টারে বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।

ব্যবসায়ীরা জানান, সিলেট একটি পর্যটন নগরী। প্রতিদিন হাজারো পর্যটক শহরে আসেন এবং অনেকেই রাতে হোটেলে ফেরার পর কেনাকাটা করেন। বিশেষ করে হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকার দোকানপাট রাত সাড়ে ৯টায় বন্ধ হয়ে গেলে পর্যটকরা ঐতিহ্যবাহী হস্তশিল্পসহ প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সুযোগ পান না। এতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পর্যটকরাও ভোগান্তিতে পড়ছেন।

সভায় রাতে ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়াতে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমান আতিক। পরিচালনা করেন ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ মো. আজিজুল করিম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ট্রেজারার জহিরুল ইসলামসহ বিভিন্ন মার্কেটের নেতৃবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লুৎফুর রহমান লিলু। সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, সিসিক,দোকান-পাট খোলা রাখার দাবি, ব্যবসায়ী, প্রশাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ