০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১২ নভেম্বর, ২০২৫ ৬:৫১ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল কাইয়ুম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে মৌলভীবাজার সড়কের এস এ পরিবহন কুরিয়ার সেন্টারে অভিযান চালানো হয়।

 

 উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে বিদেশি সিগারেট, পাঁচ বস্তা জিরা ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী।

 

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে তথ্য ছিল—একটি চক্র গোপনে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। এরপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে এস এ পরিবহন কুরিয়ার সেন্টারে অভিযান চালানো হয়। এসময় কুরিয়ার প্যাকেটের ভেতর লুকানো এসব পণ্য উদ্ধার করা হয়।

 

ওসি আরও বলেন, ‘জব্দ করা কার্টন ও চালানের নথি যাচাই করে প্রেরক ও প্রাপকের তথ্য সংগ্রহ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া কাইয়ুম মিয়ার জিজ্ঞাসাবাদে চোরাকারবারি চক্রের আরও কয়েকজন সদস্যের নাম পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

 

পুলিশ জানায়, উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। এসব পণ্য আদালতের নির্দেশে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

ওসি আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, গ্রেপ্তার, ভারতীয় পণ্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ