১০ জুন ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

ধর্মপাশায় আদালত প্রাঙ্গনে সাবেক স্ত্রীকে হত্যা: দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, ধর্মপাশা, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ন


সুনামগঞ্জের ধর্মপাশায় আদালত চত্বরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৬) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ধর্মপাশা উপজেলা পরিষদের সামনের সড়কে ধর্মপাশা ও মোহনগঞ্জ এলাকার সাধারণ মানুষদের অংশগ্রহণে এ কর্মসূচি সম্পন্ন হয়।

 

এর আগে গত ৬ অক্টোবর সকাল ১০টার দিকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাবেক স্বামী আক্তার হোসেনের ছুরিকাঘাতে শরীফা আক্তারের মৃত্যু হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরীফা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের মৃত রমজান আলীর মেয়ে। সাত বছর আগে তার বিয়ে হয় ধর্মপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মির্জার ছেলে আক্তার হোসেনের সঙ্গে। তাদের দেড় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

 

পারিবারিক কলহের জেরে গত ১২ জুলাই শরীফা ও আক্তারের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর আক্তার হোসেন আদালতে শরীফার মা, দুই বোনসহ আরও তিনজনের বিরুদ্ধে শরীফাকে ‘বেআইনিভাবে আটকে রাখার’ অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত প্রাঙ্গণে ছুরিকাঘাতে প্রাণ হারান শরীফা।

 

মানববন্ধনে শরীফা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বক্তব্য রাখেন শরীফার মা অজুফা বেগম, মোহগঞ্জের বাসিন্দা বিকসান মিয়া, মানিক তালুকদার, মাওলানা হাবিবুল্লাহ, শফিকুল ইসলাম, জয়নব বেগম প্রমুখ।

 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ‘আসামীদের গ্রেপ্তারে আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ধর্মপাশা হত্যা, শরীফা আক্তার, সাবেক স্বামী আক্তার হোসেন, সুনামগঞ্জ আদালত, মানববন্ধন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ