১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রমেঘের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ মে, ২০২৫ ৫:১৪ অপরাহ্ন


সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকাগুলোতে বজ্রপাতের ঝুঁকি রয়েছে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের কিছু কিছু অঞ্চলে দমকা হাওয়া, শিলাবৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বজ্রপাতের সময় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ঘরের বাইরে অপ্রয়োজনে না যাওয়ার, নিরাপদ আশ্রয়ে অবস্থান করার এবং গাছপালা কিংবা বিদ্যুতের খুঁটির কাছাকাছি না থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কংক্রিটের মেঝেতে শোয়া বা দেয়ালে হেলান দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

এছাড়া, বজ্রপাতের সময় বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখা এবং জলাশয় বা খোলা জায়গা থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যুৎ পরিবাহী যেকোনো বস্তু থেকেও দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, ভারতের মেঘালয় রাজ্যে বর্তমানে বজ্রমেঘের অবস্থান রয়েছে। এর প্রভাবে দুপুরের পর থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোতে বজ্রসহ বৃষ্টি হতে পারে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, বজ্রপাত সতর্কতা, আবহাওয়া অধিদপ্তর, বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ