১০ জুন ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

সুবিপ্রবির স্থান পরিবর্তন হলে সুনামগঞ্জ অচল করে দেওয়ার হুশিয়ারি

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩০ অপরাহ্ন


সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের নাগরিকরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ছাতক উপজেলার জাউয়া বাজার বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

 

জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলা উদ্দিনের সভাপতিত্বে ও  ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার আনছার উদ্দিন। 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ফারুক আহমদ, জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এড. ইয়াসীন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সাগর, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও যুগ্ম-সম্পাদক, ছাতক প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনায়েদ আহমদ।


মানববন্ধনে বক্তারা জানান, ২০২০ সালে সংসদে আইন করে জেলার সবচেয়ে সুবিধাজনক স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ভিসি নিয়োগ, শিক্ষক নিয়োগ করে অস্থায়ী ক্যাম্পাসে দুই বছর ধরে শ্রেণি কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু হঠাৎ করে সুনামগঞ্জ পৌর এলাকার কিছু মানুষ পরিবেশের দোহাই দিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তন করার অপচেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় স্মারকলিপি প্রদান করে তারা মুলত বিদ্যাবিদ্যালয়ের অগ্রযাত্রা থামিয়ে দিতে চান। যারা পরিবেশের দোহাই দেন তারাই বালুপাথর লুট করে সুনামগঞ্জের পরিবেশ নষ্ট করছেন। 

 

বক্তারা আরও জানান, যদি তাদের কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হয় তবে সুনামগঞ্জ জেলার ২২ লক্ষ মানুষ তাদের ক্ষমা করবে না। সুনামগঞ্জের ১২ টি উপজেলার সর্বস্তরের মানুষকে নিয়ে সুনামগঞ্জ অচল করে দেওয়ার হুশিয়ারি দেন তারা।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুবিপ্রবি, সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, ইউজিসি, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ