
সিলেটের ভোলাগঞ্জে প্রকাশ্যে সাদাপাথর লুট ও টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শহরের আলফাত স্কয়ারে ‘সুনামগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক মিলন এর সভাপতিত্বে এবং রাজু আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক চিত্ত রঞ্জন তালুকদার, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসের, শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এডভোকেট খলিলুর রহমান, জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল ইসলাম মজনু, এডভোকেট দীপঙ্কর বণিকসহ অন্যান্যরা।
গণসমাবেশে বক্তারা অভিযোগ করেন, দিনের বেলায় প্রকাশ্যে সাদাপাথর লুট হলেও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা না নিয়ে বরং এ ঘটনায় জড়িতদের মদদ দিয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও পুলিশ—সবাই কোনো না কোনোভাবে এ লুটে জড়িত বলে দাবি করেন তারা। শ্রমিকদের নৌকা ভাঙার পরিবর্তে মূল হোতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
এছাড়া, টাঙ্গুয়ার হাওরে উন্নয়নের নামে চলমান অপরিকল্পিত পর্যটন ব্যবস্থাকে ‘পরিবেশ ধ্বংসের নীলনকশা’ বলে আখ্যা দিয়ে তা বন্ধের দাবি করেন তারা। বক্তাদের মতে, হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন।
কর্মসূচিতে ভোলাগঞ্জে সাদাপাথর লুটের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট, সাদা পাথর, সুনামগঞ্জ, টাঙ্গুয়ার হাওর, মানববন্ধন


