২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

পানি শোধনাগার প্রকল্প: সম্ভাব্যতা যাচাইয়ে সিসিক-চীনা প্রতিষ্ঠানের সমঝোতা

ভয়েস ডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৫ ৩:২৬ অপরাহ্ন


সিলেট নগরীর বিশুদ্ধ পানির সংকট নিরসনে বাইশটিলা মৌজায় দৈনিক ৫ কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি পানি শোধনাগার প্ল্যান্ট নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চীনের একটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদীর উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সিসিকের পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং চীনের স্টিকোল কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সাউথ এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট গং চেনগিং।

সমঝোতা অনুযায়ী, চীনের স্টিকোল কর্পোরেশন নিজস্ব অর্থায়নে বাইশটিলায় প্রস্তাবিত বিশাল এই পানি শোধনাগার প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম পরিচালনা করবে।

সমঝোতা স্বাক্ষর শেষে সিসিকের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার বলেন, "বর্তমানে সিলেট শহরে পানির চাহিদার ৫০ শতাংশেরও কম মেটানো সম্ভব হচ্ছে। ক্রমবর্ধমান এই চাহিদার প্রেক্ষিতে যত দ্রুত সম্ভব একটি বৃহৎ পানি শোধনাগার স্থাপন করা জরুরি হয়ে পড়েছে। সেই প্রয়োজন থেকেই এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে।"

তিনি আরও বলেন, “এই উদ্যোগ বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। চীন ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হবে বলেই আমরা বিশ্বাস করি।”

সিসিক সূত্রে জানা গেছে, সম্ভাব্যতা যাচাই সফল হলে প্রকল্পটির নির্মাণ প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে। দীর্ঘদিন ধরে পানির তীব্র সংকটে ভোগা সিলেটবাসীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট সিটি কর্পোরেশন, সিসিক, পানি শোধনাগার, চীন, সমঝোতা সাক্ষর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ