০২ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

১৮ বছর পর দেশে ফিরে এলাম, কিন্তু ইলিয়াস ভাই নেই : আশিক ইসলাম

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ন


'এক সময় কথা ছিল নিখোঁজ ইলিয়াস আলী ভাইয়ের সঙ্গে বিশ্বনাথে আসব, কিন্তু ১৮ বছর পর এলাম একাই!' - এমন কথাই বললেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম।

সোমবার (২৮ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার রাজনগর গ্রামে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক গোলজার খানের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এর আগে তিনি রামধানাস্থ নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর বাড়িতে যান এবং তাঁর মা সূর্যবান বিবিকে দেখতে গিয়ে বেশ কিছু সময় একান্তে কথা বলেন।

আশিক ইসলাম বলেন, 'দীর্ঘ ১৮ বছর দেশের বাইরে থেকেছি, কিন্তু মন ছিল দেশের সঙ্গেই। ইলিয়াস আলী লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার নাম। তিনি শুধু বিএনপির নেতা নন, ছিলেন প্রাণপুরুষ। তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্কও ছিল। বাড়ি মাগুরায় হওয়ায় তাঁকে আমি দুলাভাই বলে ডাকতাম। কথা ছিল তাঁর সঙ্গেই বাড়িতে আসব। আজ এলাম ঠিকই, তবে ইলিয়াস ভাই ছাড়া। তাঁর মা এখনও ১৩ বছর ধরে ছেলের ফেরার অপেক্ষায় আছেন। আমরা আশাবাদী—ইলিয়াস আলী আবার আমাদের মাঝে ফিরবেন।'

এ সময় আশিক ইসলামের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক সাদা কালো পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম, যুক্তরাজ্য বিএনপি নেতা শানুর মিয়া, ঢাকা বিএনপি নেতা আক্তার হোসেন প্রমুখ।

স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, ইউপি চেয়ারম্যান এমাদ খান, আতিকুর রহমান লিটন ও বিএনপি নেতা হেলাল মিয়া। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

ইলিয়াস আলী নিখোঁজ, আশিক ইসলাম বিশ্বনাথ, খালেদা জিয়া সহকারী প্রেস সচিব, ইলিয়াস আলীর মা সূর্যবান বিবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ