১০ জুন ২০২৬

যাপিতজীবন

সেই পল্লীফোনের ব্যবসা এখনও আঁকড়ে ধরে রেখেছেন করিমুন নেছা

মোসাইদ রাহাত

প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৫ ১০:১৩ অপরাহ্ন


সুনামগঞ্জের এক প্রান্তিক নারী করিমুন নেছা। একসময় যিনি যোগাযোগহীন মানুষের মাঝে পল্লীফোনের মাধ্যমে যোগাযোগের সুযোগ এনে দিয়েছিলেন। নারী উদ্যোক্তা হিসেবে পথচলা শুরু করেছিলেন ২০০৩ সালে। ২২ বছরেরও বেশি সময় ধরে সততা ও নিষ্ঠায় গড়া সেই পথচলায় তিনি এখন নিজ এলাকার সফল ও আলোকিত মুখ।


এক সময় ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য তবে জনপ্রতিনিধি থাকলেও ছাড়েননি নিজের মূল পরিচয় পল্লীফোন ব্যবসার সেই ছোট্ট দোকান।


সুনামগঞ্জ পৌর শহরের ঘোলঘর এলাকায় ‘করিমুন পল্লীফোন সেন্টার‘ এখনো দাঁড়িয়ে আছে। একসময় যেখানে মানুষ ১০ টাকা মিনিটে ফোন করত, আজ সেখানে ফ্লেক্সিলোড, বিকাশ সেবা ও মোবাইল পেমেন্ট চালু আছে। করিমুন নেছার জীবনের শুরুটা ছিল কঠিন। বাবা-মা মেয়ের ব্যবসা করার বিপক্ষে ছিলেন। কিন্তু তিনি সকল বাধা উপেক্ষা করে নিজেই নিজের ভাগ্য গড়েছেন।


তিনি জানান, ১৯৮৯ সালে সেলাই প্রশিক্ষণ নিয়ে কিছুদিন সেলাইয়ের কাজ করেছেন। এরপর ১৯৯১ সালে জাতীয় গণশিক্ষা কার্যক্রমের অধীনে মাঠপর্যায়ে নারী উন্নয়নে কাজ শুরু করেন। ২ হাজার টাকা বেতনের চাকরি থেকে কিছু টাকা জমিয়ে ২০০৩ সালে তিনি গড়ে তোলেন নিজের পল্লীফোন সেন্টার।


বিয়ে হলেও স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ নেই করিমুন নেছার। নিঃসন্তান হলেও তিনি বলেন, 'আমার ছেলেমেয়ে না থাকলেও যাদের নিয়ে কাজ করি, তারাই আমার পরিবার।'


২০০৫ সালে আচার-আচরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় করিমুন নেছা পেয়েছেন গ্রামীণ ব্যাংক বোদওয়াঁ পুরস্কার। বর্তমানে তিনি নারী উন্নয়নমূলক বিভিন্ন কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।


তিনি বলেন, 'আমার স্বপ্ন ছিল সরকারি চাকরি করার। কিন্তু বারবার চেষ্টা করেও চাকরি হয়নি। এখন বুঝি, আল্লাহ আমাকে মানুষের সেবা করার জন্যই অন্য পথে এনেছেন।' 


এমন পেশায় আসার বিষয়ে তিনি বলেন, আমি সেই সময় দেখতাম মানুষের মধ্যে যোগাযোগের কোনো সহজ ব্যবস্থা ছিলো না। তাদের সিলেট গিয়ে কথা বলতে হতো। তাই ভাবলাম যদি এই ব্যবসা শুরু করি তাহলে মানুষের উপকার হবে এবং আমিও কিছু টাকা আয় করে সংসার চালাতে পারবো। সেই থেকে আমার যাত্রা শুরু। এখনও আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত এ করিমুন পল্লীফোন ব্যবসাটি থাকবে।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

পল্লীফোনের ব্যবসা, ফোনকল, সুনামগঞ্জ, করিমুন নেছা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ