০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

দিরাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় আটক

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ৯ জুলাই, ২০২৫ ১:১৩ অপরাহ্ন


সিলেট নগরীতে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা ও বিএনপি কর্মীরা। পরে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

মঙ্গলবার (৮ জুলাই) রাত আড়াইটার দিকে নগরীর সুবিদবাজার লন্ডনি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রদীপ রায়কে স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।’

তিনি আরও জানান, প্রদীপ রায়ের বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া জলমহালের দখল নিয়ে ২০১৭ সালের ১৭ জানুয়ারি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হন। ওই ঘটনায় প্রদীপ রায়কে আসামি করা হলেও পরবর্তীতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে তাকেসহ কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়।

তবে ২০২১ সালের ১৮ অক্টোবর দিরাইয়ের ভাটিপাড়া জলমহালের দখল নিয়ে আরেকটি সংঘর্ষে একজন নিহত হন। সেই মামলায়ও তার নাম ছিল আসামিদের তালিকায়।

প্রদীপ রায় দীর্ঘদিন ধরে দিরাই-শাল্লায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। নানা ঘটনার কারণে স্থানীয়ভাবে বিতর্কিত হয়ে ওঠেন তিনি। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার ভাই বিশ্বজিৎ রায়ও আওয়ামী লীগের মনোনয়নে দিরাই পৌরসভার মেয়র নির্বাচিত হন।

বর্তমান সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রদীপ রায় ও তার ভাই আত্মগোপনে ছিলেন বলে জানান স্থানীয়রা। তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর বিএনপি কর্মীরা স্থানীয় জনতার সহযোগিতায় প্রদীপ রায়কে আটক করে পুলিশের হাতে তুলে দেন।



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

দিরাই, আওয়ামী লীগ, সিলেট, সুনামগঞ্জ, আটক, সাধারণ সম্পাদক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ