যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৫ জুন, ২০২৫ ৬:৪২ অপরাহ্ন
প্রশাসনের কয়েক দফা অভিযানের পরও সুনামগঞ্জের তাহিরপুরের ইজারা বহির্ভূত শান্তিপুর নদী (মাহারাম নদীর মুখ) থেকে বালু লুট যেন থামছে না।
দিনে-দুপুরে নদী এলাকার ফসলি জমি থেকে বালু লুট হওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা।
এদিকে আজ বুধবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে শান্তিপুর নদীতে অভিযান চালায় পুলিশ। এসময় দুটি বালুবোঝাই নৌকাসহ ৮ শ্রমিককে আটক করা হয়। বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন, মতিবুর (২৬), আকরাম (২৫), জসিম মিয়া (২০), দেলোয়ার হোসেন (২৪), রুবেল মিয়া (২০), পাবেল (১৯), সাইদুল্লাহ(২০) ও শাহানুর(২৩)।
জানা গেছে, আটক হওয়া ব্যক্তিদের সবাই স্থানীয় বাসিন্দা ও শ্রমিক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে বুধবার দুপুর ২টার দিকে তাহিরপুর উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, 'শান্তিপুর নদীতে বালু উত্তোলনকারী যাকেই পাবেন, ধরে প্রশাসনকে খবর দিবেন। বালু উত্তোলন বন্ধ করতে হবে। আপনাদের সহযোগিতা প্রয়োজন।'
শান্তিপুর নদী থেকে নির্বিচারে বালু লুট হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে এ প্রতিবেদককে বলেন, ফসলি জমি থেকে জোরপূর্বক বালু লুট করে নিয়ে যাচ্ছে। বাঁধা দিলে মামলা-হামলার ভয় দেখানো হয়। স্থানীয়দের দাবি, সাধারণ শ্রমিকের পেছনে যারা আড়াল থেকে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে তাঁদেরকে আইনের আওতায় আনা হলে তবেই বন্ধ হবে বালু লুট।
তাহিরপুর বালু লুট,শান্তিপুর নদী বালু উত্তোলন,তাহিরপুর ইজারা বহির্ভূত নদী,সুনামগঞ্জ বালু সিন্ডিকেট,তাহিরপুর প্রশাসনের অভিযান