সুনামগঞ্জ পৌর শহরের উত্তর আরপিননগরের সুরমা নদী থেকে যে খালটি বিভিন্ন এলাকা হয়ে দেখার হাওরে গিয়ে পড়েছে, সেটির নাম কামারখাল। এই খালে একসময় নৌকা চলত। শহরের পানি নিষ্কাশনে মূল ভূমিকা ছিল কামারখালের। কিন্তু কামারখাল বহু আগেই অস্তিত্ব হারিয়েছে। খালটি এখন কোথাও কোথাও ছোট্ট নালাতে পরিণত হয়েছে। আবার কোথাও খালের ওপর বড় বড় পাকা ভবন, দোকানপাট গড়ে উঠেছে।