সংরক্ষিত বনের কাঠ ও করাতকলের যন্ত্রাংশ জব্দ
চুনারুঘাটে বৈধ কাগজপত্র না থাকায় ৭ করাতকল সিলগালা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৬ ১:১২ অপরাহ্ন
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইউনিয়নের সাতটি করাতকল সিলগালা করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এসব করাতকলের কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স পাওয়া যায়নি। অভিযানে সংরক্ষিত বনের কাঠসহ করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল চারটা থেকে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ও সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন।
বন বিভাগ জানায়, চুনারুঘাট পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় করাতকল গড়ে উঠেছে। এর মধ্যে কিছু করাতকল বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। এসব অবৈধ করাতকল বন্ধে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালানো হচ্ছে।
অভিযানে শানখলা ইউনিয়নের সাতটি করাতকলে বৈধ লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করাতকলগুলো সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে করাতকলগুলো থেকে সংরক্ষিত বনের কাঠ ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন, ‘লাইসেন্সবিহীন সাতটি করাতকল সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে করাতকল পরিচালনাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ করাতকল বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
চুনারুঘাটে করাতকল, অবৈধ করাতকল, হবিগঞ্জ বন বিভাগ, করাতকল সিলগালা, শানখলা ইউনিয়ন, সংরক্ষিত বনের কাঠ, ভ্রাম্যমাণ আদালত, বন বিভাগের অভিযান