০৬ জুলাই ২০২৬

রাজনীতি / সরকার

এটা নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন: উপদেষ্টা হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ জুলাই, ২০২৬ ৩:০৬ অপরাহ্ন

ছবিঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এ  উপলক্ষে সোমবার (৬ জুলাই) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন  তিনি।

হুমায়ুন কবির বলেন, আজকের দিনটি অত্যন্ত আনন্দের, কেননা দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট আবার চালু হয়েছে। তিনি জানান, বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীর সিলেটের প্রতি একটি ব্যক্তিগত সংযোগ ও বিশেষ মনোযোগ রয়েছে, যা এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।

তিনি বলেন, নির্বাচনের আগে বিভিন্ন পর্যায়ের প্রবাসী কমিটির নেতৃবৃন্দ ও প্রবাসীরা তাদের সঙ্গে যোগাযোগ করে ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখার দাবি জানিয়েছিলেন বিশেষত এই দাবি ছিল, অন্তর্বর্তী সরকার নয়, বরং পরবর্তী নির্বাচিত সরকার যেন এই সিদ্ধান্ত বহাল রাখে। সে সময় দলীয়ভাবে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু করবে। আজকের এই ফ্লাইট চালু হওয়া সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন বলে মন্তব্য করেন তিনি।

ম্যানচেস্টার ও উত্তর ইংল্যান্ডের প্রবাসী কমিউনিটির উদ্দেশে হুমায়ুন কবির বলেন, বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীর নেতৃত্বে আজ সিলেটে একত্রে এই ফ্লাইট চালু করা সম্ভব হয়েছে। তিনি জানান, এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের সিদ্ধান্তগ্রহণ কমিটির বৈঠকেও তিনি নিজে উপস্থিত থেকে আলোচনা করেছেন এবং প্রবাসী কল্যাণের পক্ষ থেকে এই ফ্লাইট চালুর জন্য আবেদন জানিয়েছিলেন।

তিনি বলেন, আমরা মানুষের পালস অনুভব করতে পেরেছি যে ম্যানচেস্টার ফ্লাইট প্রবাসীদের জন্য কতটা জরুরি। এই ফ্লাইট প্রবাসী ও দেশের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করে।

প্রবাসীদের উদ্দেশে হুমায়ুন কবির আহ্বান জানান, তারা যেন শুধু পর্যটক বা ছুটি কাটাতে আসা মানুষ হিসেবে দেশে না আসেন, বরং নিরাপদে থেকে বিনিয়োগও করেন। তিনি প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং তিনি প্রবাসীদের পরিবার-পরিজন নিয়ে দেশে আসার আমন্ত্রণ জানান।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, প্রধানমন্ত্রী উপদেষ্টা, বিমান, হুমায়ুন কবির

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ