০৪ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

তাহিরপুরে শান্তিপুর নদী থেকে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৭ জুন, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুরে ইজারাবিহীন শান্তিপুর নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।


মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বোরোখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


জানা যায়, মাসখানেক ধরে শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু হয়েছে। উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে বালু লুটে জড়িতদের বিরুদ্ধে যদিও ব্যবস্থা নিচ্ছে কিন্তু তাতে পুরোপুরি বালু লুট কর্মকাণ্ড বন্ধ করা যাচ্ছে না। উপরন্তু কোনো কোনো ক্ষেত্রে বালু লুট বেড়েছে বলেও জানা গেছে।  


খোঁজ নিয়ে জানা গেছে, এই বালু লুট কাজ পরিচালনায় একটি অসাধু সিন্ডিকেট গড়ে উঠেছে। যারা নদী থেকে লুট করা বালু উপজেলার বিভিন্ন স্পটে মজুত করে রাখে। পরে সুযোগ-সময় করে এসব বালু পাচার করছে। 


অবশ্য স্থানীয় বাসিন্দারা বালু লুট পরিচালনায় জড়িতদের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ। তবে তদন্ত করে বালু লুট কর্মযজ্ঞের মূলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।


তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে প্রশাসন নিয়মিত কাজ করছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

অবৈধ বালু উত্তোলন, বালু জব্দ, তাহিরপুর উপজেলা প্রশাসন, শান্তিপুর নদী, সুনামগঞ্জ, বালু সিন্ডিকেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ