১৭ মে ২০২৬

প্রবাস / জীবনযাত্রা

আরও ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৭ মে, ২০২৬ ৫:০৬ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে নতুন করে আরও প্রায় ৬ হাজার ড্রাইভার নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক পদেও কর্মী নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।


রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল। এ সময় দুই পক্ষের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ ও অভিবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।


সাক্ষাতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশি ড্রাইভার নিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা করা হলে তা শ্রমিকদের জন্য সহায়ক হবে। একই সাথে ডাক্তার ও নার্সসহ ‘হোয়াইট কলার’ পেশাজীবীদের নিয়োগের বিষয়েও তিনি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দল জানায়, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী দুবাই ট্যাক্সি কোম্পানিতে কাজ করছেন, যার মধ্যে প্রায় ৮ হাজার বাংলাদেশি। দক্ষতা ও পরিশ্রমের কারণে বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।


তারা আরও জানায়, আগামীকাল থেকেই বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন ড্রাইভার বাছাই প্রক্রিয়া শুরু হবে। প্রথম ধাপে ১ হাজার ৫০০ জন এবং চলতি বছরে মোট ৬ হাজার ড্রাইভার নিয়োগের পরিকল্পনা রয়েছে।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশে যেতে বাংলাদেশি শ্রমিকদের উচ্চ ব্যয় বহন করতে হয়, যা অনেক সময় ঋণ করে সংগ্রহ করতে হয়। তাই অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমিত রাখার জন্য তিনি অনুরোধ জানান।


সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ‘আল আনাস ওভারসিজ’-এর প্রতিনিধিরা।


শেয়ার করুনঃ

প্রবাস থেকে আরো পড়ুন

দুবাই ট্যাক্সি কোম্পানি, বাংলাদেশি ড্রাইভার নিয়োগ, বিদেশে কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আরিফুল হক চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ