০৯ মে ২০২৬

প্রবাস / জীবনযাত্রা

প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে নিউহ্যামে ইতিহাস গড়লেন সিলেটের ফরহাদ হোসেন

প্রতিনিধি, যুক্তরাজ্য

প্রকাশঃ ৯ মে, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন


যুক্তরাজ্যের স্থানীয় সরকার নিবা‍র্চনে লন্ডনের নিউহ্যাম বারা কাউন্সিলের প্রথম বাঙালি নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির ফরহাদ হোসেন।  সিলেট জেলার বালাগঞ্জের সন্তান এই বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক মূলধারার রাজনৈতিক দল লেবার পার্টি-এর ব্যানারে মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন

বৃহস্পতিবার (৭ মে) লন্ডনের ৩২টি বারা কাউন্সিলে নির্বাচন হয়। এর মধ্যে পাঁচটি কাউন্সিলে সরাসরি ভোটে নির্বাহী মেয়র ও কাউন্সিল নির্বাচন করা হয়। যুক্তরাজ্যে প্রথম বাঙালি নির্বাহী মেয়র ছিলেন টাওয়ার হ্যামলেটসের লুতফুর রহমান। তিনি ছিলেন স্বতন্ত্র।

এবারের নির্বাচনেও তিনি টাওয়ার হ্যামলেটসে মেয়র পদ ধরে রাখার জন্য লড়ছেন। সেখানে এখনো ফলাফল ঘোষণা করা হয়নি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন লেবার পার্টির সিরাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জামি আলী, ও লিবডেম পার্টির আব্দুল হান্নান।

নিউহ্যাম কাউন্সিলে লেবার পার্টির প্রার্থী ফরহাদ হোসেন পেয়েছেন ২৫,৫৩৮ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মেহমুদ মিজা‍র্ পেয়েছেন ২০,২৩৪ ভোট।

নির্বাচনে জয়ের পর ফরহাদ হোসেন বলেন, “নিউহ্যাম বারার জন্য এটি একটি নতুন অধ্যায়। আমরা সবাই মিলে নিউহ্যাম গড়ব, যার প্রত্যেকটি বাসিন্দা নিজেদের বাসস্থান এখানে বলতে গর্ববোধ করবেন। নিউহ্যামের মেয়র নির্বাচিত হওয়া আমার জন্য বড় সম্মান।”

নিউহ্যাম লন্ডনের এমন একটি বারা, যেখানে ব্রিটেনের সংখ্যালঘু নানা কমিউনিটির লোকজন বসবাস করে। ১৯৬৪ সালে নিউহ্যাম কাউন্সিল গঠনের পর বেশিরভাগ নির্বাচনে জয়ী হয়ে এ কাউন্সিল পরিচালনার দায়িত্ব পালন করেছেন লেবার পার্টির প্রার্থীরা।

বর্তমানে মোট ৬৬ জন কাউন্সিলর রয়েছেন নিউহ্যাম বারায়, তাদের মধ্যে কয়েকজন বাঙালিও আছেন। প্রায় ১৫ হাজার ব্রিটিশ বাংলাদেশি ভোটার রয়েছেন নিউহ্যামে। এছাড়া, পাকিস্তানি, ভারতীয়, শ্রীলঙ্কান, সোমালী কমিউনিটির বিপুল সংখ্যক ভোটার রয়েছেন।

নিউহ্যামের বাসিন্দা ফরহাদ হোসেন প্রায় আট বছর কাউন্সিলর হিসাবে এবং কেবিনেট মেম্বার হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করেন এবং নিউভিক কলেজে ‘এ লেভেল’ করার পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন। এনএইচএস, এডুকেশন, লোকাল অথরিটি ও বিভিন্ন চ্যারিটিতে কাজ করেছেন তিনি।

বর্তমানে লন্ডনের বৃহৎ টানেল প্রকল্প লোয়ার টেমস ক্রসিংয়ে প্রিন্সিপাল কনসালট্যান্ট হিসাবে কাজ করছেন ফরহাদ হোসেন। অবসর সময়ে তিনি ইসিবি লেভেল টু কোচ হিসাবে তৃণমূল ক্রিকেট প্রশিক্ষণ দিয়ে থাকেন।


শেয়ার করুনঃ

প্রবাস থেকে আরো পড়ুন

লন্ডন, নিউহ্যাম, লন্ডন, ফরহাদ হোসেন, যুক্তারাজ্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ