০৬ মে ২০২৬

অপরাধ-বিচার

বিশ্বনাথে ঝোপের ভেতর থেকে মানব কঙ্কাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ মার্চ, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথে ঝোপের ভেতর থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে বিশ্বনাথ বাইপাস সড়কের একটি বাসার পেছনের ঝোপ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, কঙ্কালের পাশ থেকে নারীর চুল সদৃশ কিছু আলামতও পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্কালটি কোনো নারীর হতে পারে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথ বাইপাস সড়কে একটি পেট্রোল পাম্পের পাশের বাসার সীমানার বাইরে জমির ঝোপে একটি মাথার খুলি ও মানব কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকালে কঙ্কালের পাশ থেকে চুলও সংগ্রহ করা হয়।

 

কঙ্কাল উদ্ধারের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান এবং বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

 

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি ঝোপ থেকে পুরোনো কঙ্কাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কঙ্কালটি মর্গে পাঠানো হবে।

 

তিনি আরও জানান, কঙ্কালের পাশে নারীর চুল পাওয়া যাওয়ায় এটি নারীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কঙ্কালটির পরিচয় ও ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মানব কঙ্কাল, বিশ্বনাথ, নারীর চুল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ