১৩ জুন ২০২৬

দৈনন্দিন

সুরমা নদীর তীরে আনন্দনিকেতন স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ নভেম্বর, ২০২৫ ৮:৫০ অপরাহ্ন



সিলেটের আনন্দনিকেতন স্কুলের শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষায় এক অনন্য উদ্যোগ নিয়েছে। স্কুলের ব্লেইজ হাউজের পক্ষ থেকে শনিবার (১ নভেম্বর) বিকেলে সুরমা নদীর তীরে পরিচালিত হয় পরিচ্ছন্নতা অভিযান।

বিকেল ৪টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দেড় ঘণ্টা ধরে ক্বিন ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় ২০ জন শিক্ষার্থী অংশ নেয় এ কর্মসূচিতে। তারা নদীতীর থেকে পলিথিন, প্লাস্টিকসহ প্রায় ১০ বস্তা অপচনশীল বর্জ্য সংগ্রহ করে।

ব্লেইজ হাউজের ক্যাপ্টেন অভিক সাহা বলেন, আমরা আনন্দনিকেতনের শিক্ষার্থীরা সবসময় পরিবেশের প্রতি সংবেদনশীল। এর আগেও আমরা সুরমা নদীর তীরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। রিকাবিবাজার থেকে লন্ডনী রোড পর্যন্ত সড়ক বিভাজকে রাধাচূড়া গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণও করছি পাঁচ বছর ধরে। আজকের উদ্যোগ সেই ধারাবাহিকতারই অংশ।

অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলার সাধারণ সম্পাদক কাসমির রেজা, স্থপতি রাজন দাস, আনন্দনিকেতন স্কুলের শিক্ষক ও ব্লেইজ হাউজের সমন্বয়ক সুজয়া চক্রবর্তী।

কাসমির রেজা বলেন, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের অভিযানে হয়তো সামান্য এলাকা পরিষ্কার হয়েছে, কিন্তু এতে শিক্ষার্থীদের মনোজগতে বড় পরিবর্তন আসবে। তারা নিজেরা আরও সচেতন হবে, এবং অন্যদেরও উদ্বুদ্ধ করবে। আশা করি, আনন্দনিকেতনের মতো অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও এমন উদ্যোগে যুক্ত হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, সুরমা নদী, পরিচ্ছন্নতা অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ