০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / মামলা

যাদুকাটায় বালুলুট কাণ্ড: ৫১ জনকে অভিযুক্ত করে মামলা

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৬ অক্টোবর, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ন


সুনামগঞ্জের যাদুকাটা বালুমহালের ইজারা বহির্ভূত লাউড়েরগড় ও শাহিদাবাদ এলাকা থেকে বালুলুট কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা  আইনে মামলা হয়েছে।

  

বুধবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন। মামলায় ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ২০ থেকে ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।


মামলার বাদী উপজেলার পুরানঘাট গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন আরিফ তালুকদার। যাদুকাটা বালুমহাল-১ এর ইজারাদার নাছির মিয়া সম্পর্কে তাঁর মামা হোন।


অভিযোগে মামলার বাদী উল্লেখ করেছেন, যাদুকাটা নদী এলাকার লাউড়েরগড় বিওপি ক্যাম্পের পশ্চিম পাড়ে ইজারা বর্হিভূত সরকারি খাস জলাভূমি ও নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় কিছু অসাধু লোকজন। ইজারাদার নিষেধ দিয়েও তাঁদের থামাতে ব্যর্থ হচ্ছে। উপরন্তু লুটেরেরা হামলা করে নদী এলাকায় পাহারার দায়িত্বে থাকা দুই প্রহরীকে মেরে আহত করেছে।


 অভিযুক্তরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে লাউড়েরগড় ও শাহিদাবাদ এলাকা থেকে অবৈধভাবে বালু লুট করে নিয়ে গেছে। এছাড়া ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করার জন্য পাঁয়তারা করছে। বালু লুটেরাদের এমন কর্মকাণ্ড যাদুকাটা নদীর বিভিন্ন অংশ তীর ভেঙ্গে নদীগর্ভে বিলীনসহ নদীভাঙ্গন ও নদীর ভূ-প্রকৃতি, পরিবেশ হুমকির মুখে পড়তে যাচ্ছে। 


এর আগে গত ৬ অক্টোবরের পর থেকে ৫ দিনে যাদুকাটা নদীর ইজারা বহির্ভূত লাউড়েরগড় ও শাহিদাবাদ এলাকা থেকে বালু লুটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয় প্রভাবশালী একটি সিন্ডিকেট। এ নিয়ে সিলেট ভয়েসে '৫ দিনে লুট ৫০ কোটি টাকার বালু, হোতারা অধরা' শিরোনাম সংবাদ প্রকাশিত হয়।


এদিকে গত মঙ্গলবার যাদুকাটা নদীর পাড় রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, বালুলুট কাণ্ডে নেতৃত্বে দিয়েছেন লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম ওরফে খেলু মাস্টার ও লাউড়েরগড় গ্রামের বাসিন্দা খাজা মাঈনউদ্দিন।


তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানিয়েছেন, বালুলুট কাণ্ডে যে বা যারাই জড়িত থাকার প্রমাণ মিলবে তাঁদের বিরুদ্ধে যথাযত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

যাদুকাটায, বালুলুট, ৫০ কোটি টাকা, ৫১ জন, অভিযুক্ত, মামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ