১২ জুন ২০২৬

দৈনন্দিন

শ্রীমঙ্গলে ২১ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বই পড়া উৎসব শুরু

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৫ ১০:০৭ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী শিক্ষা কার্যক্রম—বই পড়া প্রতিযোগিতা ২০২৫। সোমবার (২৫ আগস্ট) উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শুরু হয় এই উৎসবের প্রথম ধাপ, যার নামকরণ করা হয়েছে "মুকুল পর্ব"।

 

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ২১ হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। পাঠ্যপুস্তকের বাইরের নির্বাচিত ৬৪টি সাহিত্যকর্ম—গল্প, প্রবন্ধ ও উপন্যাস পড়ার ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। পরীক্ষায় ছিল সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন।

 

প্রতিযোগিতাটি তিনটি ধাপে পরিচালিত হবে—মুকুল, ফুল ও ফল। প্রথম ধাপে প্রতি শ্রেণি থেকে পাঁচজন করে সেরা শিক্ষার্থী বাছাই করা হবে। পরবর্তী ধাপগুলোতে লটারির মাধ্যমে বই নির্বাচন করে শিক্ষার্থীদের মৌখিক ও লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত মূল্যায়ন করা হবে। উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব, যেখানে প্রতি বিভাগ থেকে শীর্ষ দশজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।

 

এই প্রতিযোগিতায় সহযোগী হিসেবে যুক্ত রয়েছে ‘শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব’ এবং পাঠ সহযোগী হিসেবে কাজ করছে "উত্তরণ" পাঠচক্র। প্রতিযোগিতায় ব্যবহৃত বই শিক্ষার্থীদের নিজ উদ্যোগে সংগ্রহ করতে হবে, তবে বিদ্যালয়ের গ্রন্থাগার থেকেও বই নেওয়ার সুযোগ রাখা হয়েছে। 

 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, ‘শিশু-কিশোরদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে জ্ঞান, নৈতিকতা ও সংস্কৃতির পরিপূর্ণ বিকাশ ঘটানোই আমাদের উদ্দেশ্য। আমরা চাই তারা কেবল পরীক্ষার জন্য নয়, বরং জীবনের জন্য পড়ুক।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, বইপড়া উৎসব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ