০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সুনামগঞ্জে সস্তায় পেঁয়াজের প্রলোভন, কোটি টাকা নিয়ে উধাও চক্র

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৫ ৩:১৯ অপরাহ্ন


কম দামে বেশি পেঁয়াজ দেওয়ার প্রতিশ্রুতিতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। পরে সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে ওই চক্রের কাউকে আর খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্টের একটি আড়ৎ থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেন। আটক ব্যক্তির নাম মো. শাহিনুর আলম (৪২)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার পাখিজান গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে প্রতিষ্ঠানটির ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।

সরেজমিনে জানা গেছে, চার মাস আগে ‘মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যালয়’ নামে একটি প্রতিষ্ঠান খুলে প্রতারণার জাল বিস্তার করে চক্রটি। ব্যবসাটি চালাতেন জব্বার, রফিকুল ইসলাম, মাসুদ ও শাহিনুরসহ কয়েকজন। ব্যবসায়ীদের আস্থা অর্জনের জন্য তারা একাধিক আড়ত ভাড়া নেন এবং নিজেদের বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন।

রবিবার (২৪ আগস্ট) জেলার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় এক কোটি টাকা সংগ্রহ করার পর সোমবার সকালে তারা গা–ঢাকা দেন। ব্যবসায়ীরা প্রতিশ্রুত পণ্য নিতে গেলে দেখতে পান সব আড়ৎ খালি আর মোবাইল ফোন বন্ধ।

ভাই ভাই স্টোরের মালিক আতাউর রহমান বলেন, “শাহিন ভাইয়ের মাধ্যমে তাদের চিনি। রফিকুলকে তিনি খালাতো ভাই পরিচয় দিতেন। আমার কাছ থেকে ৭ লাখ টাকা ও ৪০ বস্তা রসুন নিয়ে তারা উধাও হয়েছে।”

তাহিরপুর উপজেলার ব্যবসায়ী তৈমুর চৌধুরী সুহেল বলেন, “গতকাল ২২ লাখ টাকা দিয়েছি পেঁয়াজের জন্য। আজ সকাল থেকে তাদের কাউকে পাচ্ছি না।”

আটককৃত শাহিনুর আলম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি কেবল ম্যানেজার হিসেবে কাজ করতেন। আসল মালিকদের সম্পর্কে তিনি কিছুই জানেন না।

সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই অভিজিৎ ভৌমিক বলেন, “কম দামে পেঁয়াজ দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, পেঁয়াজ, প্রলোভন, উধাও, আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ